সিলেট অফিস
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে গত বৃহসপতিবার “স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অন পিপিপি প্রজেক্টস ইন ট্যুরিজম সেক্টর” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের কনফারেন্স হলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত সচিব) মুহাম্মদ আলকামা সিদ্দিকী।
কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, সিলেট হচ্ছে ভূস্বর্গ। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা পর্যটন ক্ষেত্রে এগিয়ে আসলে পুরো দেশের চিত্র বদলে যাবে। সিলেটের সৌন্দর্য্য বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হবে। সিলেটে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে, যেখানে বিনিয়োগও হবে লাভজনক। এছাড়াও সিলেট পর্যটন মোটেলকে পিপিপির আওতায় আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।
সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ। স্বাগত বক্তব্য দেন পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আবুল বাসার। কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন পিপিপি কর্তৃপক্ষের পরিচালক মিরানা মাহরুখ এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন পিপিপি কর্তৃপক্ষের পরামর্শক মো. মোর্শেদ হায়দার।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ম্যানেজার প্লানিং মো. নুরুল ইসলাম, সিলেট চেম্বারের সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, কলামিস্ট আফতাব চৌধুরী, অধ্যাপক শফিকুর রহমান, মো. আব্দুল হান্নান, ইছমত হানিফা, হুমায়ুন কবির চৌধুরী, রুহুল আমিন প্রমুখ।
