গত মাসেই আর্জেন্টিনা সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছিলেন তার দুই মেয়ে সাশা ও মালিয়া ওবামা মেনির ভক্ত। পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা হলেও ফুটবল জাদুকরের সঙ্গে দেখা করতে পারেনি তারা।
ওবামা জানান, আর্জেন্টিনাকে দেখতে এবং এই দেশের বিখ্যাত দুই তারকার সঙ্গে সাক্ষাৎ করাতে তিনি দুই মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন।
ওবামা যখন দুই মেয়েকে নিয়ে আর্জেন্টিনা সফরে এসেছিলেন তখন মেসি চিলিতে ব্যস্ত ছিলেন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে। এ কারণে ওবামার কন্যাদের সময় দিতে পারেননি পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়।
তবে শুক্রবার ওবামার কন্যাদ্বয়ের দুঃখ কিছুটা হলেও লাঘব করেছেন মেসি। নিজের ১০ নম্বর খচিত জাতীয় দলের দুটি জার্সি স্বাক্ষর করে হোয়াইট হাউসে ওবামার দুই কন্যা সাশা ও মালিয়ার জন্য পাঠিয়েছেন লিও।
ভবিষ্যতে মেসির সঙ্গে সাশা ও মালিয়ার সাক্ষাতের এক সুযোগ অপেক্ষা করছে। আগামী জুনের ৩ তারিখ থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্ট শুরু হবে। তখন কন্যাদ্বয়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে মেসির।
