জাতীয় পার্টির (জেপি) ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য সবচেয়ে বড় বাঁধা। আর দেশের গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে জাতীয় পার্টি (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে কাজ করে যাচ্ছে। তিনি দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সকলকে জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।
শনিবার দুপুরে নড়াইলের আব্দুল হাই সিটি কলেজ চত্বরে অনুষ্ঠিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নড়াইল জেলা জাতীয় পার্টি (জেপি) নেতা মো. আলম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন মামুন শেখ, আব্দুস সাত্তার, আলী আহম্মদ মণ্ডল, শাকিল শেখ, আরকান চৌধুরী প্রমুখ।
সভায় নড়াইল জেলার নড়াগাতি থানাকে উপজেলায় উন্নীত করনের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। সভা শেষে মো. আলম মণ্ডলকে আহ্বায়ক, মামুন শেখকে যুগ্ম আহ্বায়ক ও আব্দুস সাত্তারকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
