তনু হত্যার বিচার দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট আজ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০৮:৫৮
 
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
 
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে তনু হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ-ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী উযমা তাজরিয়ান। তবে এদিন এইচ.এস.সি ও সমমানের পরীক্ষার্থী এ ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
 
একই দিন বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র, শিক্ষক, জনতা সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তনু হত্যার বিচার দাবিতে দেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের অংশ হিসাবে আজ (রবিবার) ক্লাস বর্জন করে ধানমন্ডি ২৭ নম্বরে স্টেট ইউনিভার্সিটির সামনে দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ করবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।