মানিকগঞ্জে আগুনে পুড়ে ১৮ পরিবার নিঃস্ব

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৫২

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে আগুন লেগে ১৮টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার কলিয়া ইউনিয়নের আহুলিয়া গ্রাম থেকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ঘিওর ফায়ার স্টেশন। ঘিওর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আব্দুল ছত্তার মোল্লা বলেন, রাত সোয়া একটায় আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে রাত দুটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা ও মানিকগঞ্জ ফায়ার স্টেশন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। জাকির হোসেন নামে এক ব্যক্তির বাড়ির মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বৈদ্যুতিক তারের মাধ্যমে ১৮টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কৃষকদের আসবাবপত্র ও গচ্ছিত সরিষা পুড়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, আগুনে গ্রামের ১৮টি পরিবারের ২৯টি আধা-পাকা ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় শতাধিক মানুষ নিঃস্ব হয়ে গেছে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে কম্বল বিতরণ করেছি। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরকে পুনরায় সাহায্য করা হবে।