সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৫৪

 

কচুয়ায় চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শনিবার মতবিনিময় করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন (আনারস)। স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরচািলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান এডভোকেট হেলাল উদ্দীন প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীদের

বৃত্তি ও সংবর্ধনা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নুরুন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল দুপুরে স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ হোসেন মাক্কি। অনুষ্ঠানে ফাউন্ডেশন বাংলাদেশ কমিউনিটি বোর্ডের সভাপতি এসএম মনির উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, ফাউন্ডেশনের যুগ্ম সমন্বয়কারী নিয়াজ উদ্দিন ঠাকুর, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভুঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সমন্বয়ক জসীম উদ্দিন। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া ২১ জন সমাজকর্মীকে সমাজসেবার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জে চাষাবাদ পদ্ধতি ও সম্প্রসারণ

কৌশল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি বিনা উদ্ভাবিত আউশ ধানের জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি ও সম্প্রসারণ কৌশল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পরিবর্তিত আবহাওয়া কর্মসূচির অর্থায়নে বিনা উপকেন্দ্র হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহম্মদ সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের (গবেষণা অনুবিভাগ) অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র ময়মনসিংহ (প্রশিক্ষণ ও পরিকল্পনা) পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লুত্ফুর রহমান, ড. মাহদুল ইসলাম নজরুল, সুনামগঞ্জ বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ। কৃষি মন্ত্রণালয়ের (গবেষণা অনুবিভাগ) অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ বলেন, বাংলাদেশে অনেক সরকারি-বেসরকারি বিভাগ আছে। কিন্তু কৃষি বিভাগ যারা কৃষকদের নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা প্রথম স্থানে নিতে চাই। কারণ কৃষকরা মাঠে ধান ফলিয়ে এ দেশের মানুষদেরকে বাঁচিয়ে রাখছেন। প্রশিক্ষণ শেষে সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।

লক্ষ্মীপুরে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় বিশেষ দোয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি নোয়াখালীর কৃতী সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রয়াত আটজন সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় লক্ষ্মীপুরে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব ও পৌর মেয়রের যৌথ উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পৌর মেয়র মো. আবু তাহের, বিএমএর সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন, ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আকতার আলম, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু, কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানাসহ জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রয়াত আটজন সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লক্ষ্মীপুর মহিউস সুন্নাহ জালালিয়া মাদ্রাসা মসজিদের পেশ ইমাম ও উক্ত মাদ্রাসার হাফেজবৃন্দ।

এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুলের মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (এনায়েতপুর, চৌহালী, বেলকুচি) আসনের সংসদ সদস্য মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মণ্ডল। এ সময় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সজেন গ্রুপের এমডি শেখ আব্দুস ছালাম, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহ-সভাপতি জ্যোতির্বিজ্ঞানী এফ.আর সরকার, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু, স্কুলের পরিচালনা পরিষদের ইসমাইল হোসেন উদয়, শওকত আলী, ছানোয়ার হোসেন ব্যাপারী, খোরশেদ আলম সরকার। পরে বর্ণাঢ্য আয়োজনে মোরগ লড়াই, দড়ি দৌড়সহ প্রায় অর্ধশতাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাজারো শিক্ষার্থীর মধ্যে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।

ভোমরা স্থলবন্দর পরিদর্শন

করলেন নৌ-সচিব

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ। শনিবার তিনি পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল করিম, কাস্টমসের সহকারী কমিশনার নিয়ামুল হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নৌ-পরিবহন সচিব এ সময় ভোমরা স্থলবন্দরের আমদানির সাথে সাথে রপ্তানি বাড়ানোর জন্য সিএন্ডএফ নেতাদের আহবান জানান।

শারীরিক শিক্ষাবিদ সমিতির বৃত্তি

প্রদান ও পুরস্কার বিতরণ

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটে শারীরিক শিক্ষাবিদ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শনিবার নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলার ৪০টি প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী যমুনা ব্যাংক লি. শেয়ার ডিভিশনের প্রধান মো. তারেকুল আকবর হেলাল। বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতি নাঙ্গলকোট শাখার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আবু প্রমুখ।

প্রতিবন্ধীদের হুইলচেয়ার

ও খাদ্যসামগ্রী বিতরণ

রংপুর অফিস রংপুর মহানগরীর সাতগাড়া মানব উন্নয়ন কল্যাণ সংস্থার উদ্যোগে নগরীর প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ওয়াকার, ক্র্যাচ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার রংপুর-বদরগঞ্জ রোডস্থ বদরগঞ্জ বাসস্ট্যান্ডে হুইল চেয়ার, ওয়াকার, ক্র্যাচ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রায় দেড়শজন প্রতিবন্ধীকে ২০টি হুইল চেয়ার, ২০টি ওয়াকার, ২০টি সাদা ছড়ি, ২০টি লাঠি, ৫০ জোড়া ক্র্যাচসহ নগদ দুইশ টাকা করে বিতরণ করা হয়। রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা এসব সামগ্রী বিতরণ করেন। সাতগাড়া মানব উন্নয়ন কল্যাণ সংস্থার উপদেষ্টা ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ছাফিয়া খানম, জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কাউন্সিলর আব্দুল গফ্ফার প্রমুখ।

সৃজনশীল মেধা অন্বেষণ

প্রতিযোগিতার উদ্বোধন

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’— এই শ্লোগানকে সামনে রেখে বালিয়াকান্দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি রনজিত্ কুমার পাল, বিচারকদের পক্ষে মাঝবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেবেকা বেগম প্রমুখ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

চেয়ারম্যান রাজুকে সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুক্রবার তাকে সংবর্ধনা দেওয়া হয়। সান্তাহার প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা সভায় সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু প্রমুখ।

নীলফামারীতে সপ্তাহব্যাপী

এসএমই পণ্য মেলা

নীলফামারী প্রতিনিধি সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে নীলফামারীতে। শুক্রবার শহরের বড়মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। এর আগে একটি র্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন ও বিসিক আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহা-ব্যবস্থাপক আবু মঞ্জুর সাইফ প্রমুখ। এসএমই পণ্য মেলা চলবে আগামী ২১ মার্চ পর্যন্ত।

সিপিবির সুধী সমাবেশ

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা গফরগাঁওয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭১তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার স্থানীয় আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে হয়েছে। সিপিবি গফরগাঁও-পাগলা আঞ্চলিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি গফরগাঁও-পাগলা আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড আজিম উদ্দিন মাস্টার। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত, সিপিবি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সাজেদা বেগম সাজু ও সিপিবি জেলা কমিটির সদস্য কমরেড হারুন আল বারী প্রমুখ।

মাদারীপুরে পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলার প্রবীণ সাংবাদিক শাজাহান খানের জেলা সদরের পানিছত্র এলাকার পুকুরে শুক্রবার রাতে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়েছে। এই ঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

দাউদকান্দিতে জারিফ আলী

বৃত্তি প্রদান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিভিন্ন গ্রেডে ১০৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে শনিবার জারিফ আলী বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপাধ্যক্ষ শাহআলম ভূইয়া প্রমুখ।

চাটমোহরে বিদ্যুত্স্পৃষ্টে  স্কুলছাত্রের মৃত্যু

চাটমোহর (পাবনা) সংবাদদাতা শনিবার সকালে চাটমোহরে নিজেদের বাড়ির একটি ঘরে বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ইমন হোসেন বাদশা (১০)। সে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়রা গ্রামের ভ্যানচালক ইসরাইল হোসেনের ছেলে।  নিহতের পরিবারের সদস্যরা জানান, বাদশা সকালে ঘরের মধ্যে বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

রংপুর বিভাগীয় কবিতা উত্সব সৈয়দপুরে অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা রংপুর বিভাগীয় কবিতা উত্সব শুক্রবার সৈয়দপুরে অনুষ্ঠিত হয়। শহরের রসুলপুরস্থ থিম পার্ক চত্বরে রংপুর সাফল্য প্রকাশনীর আয়োজনে দুই পর্বে দিনব্যাপী উত্সব হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি ইমরোজ সোহেল। রংপুরের সাফল্য প্রকাশনীর প্রকাশক কবি নাসরিন নাজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধার কবি আবু নাসের সিদ্দিক তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের কবি মাজহারুল ইসলাম সরকার, কবি মাসদ মুস্তাফিজ, রংপুরের কবি অধ্যাপক ফখরুল আনাম বেঞ্জু, নীলফামারীর কবি আব্দুর রউফ, বগুড়ার কবি ইসলাম রফিক ও লালমনিরহাটের কবি মনিরুজ্জামান শাহিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- কবি অ্যাড. আবুল কাশেম, কবি মোর্শেদা বেগম, কবি সুনীল সরকার, কবি মাহফুজ-উল- হাসান প্রমুখ। কবিতা উত্সবের আলোচনা সভা শেষে উপস্থিত কবিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দ্বিতীয় পর্বে উত্সবে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। পরে তাদের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

হাতিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের উপকরণ প্রদর্শনী মেলা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা গতকাল শনিবার হাতিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের এক উপকরণ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম। এ সময় উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাসসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ব্যবহূত উপকরণ প্রদর্শন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করেন।

মুরাদনগরে উপকারভোগীদের মাঝে

ঘরের নাম ফলক বিতরণ

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্পের আওতায় ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে ঘর নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে মুরাদনগরের ২২টি ইউনিয়নে নির্মিত ৩৭৬টি ঘরের ‘নাম ফলক’ উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে শনিবার। একই সময় ৭৯টি হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।  এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমীন।