বর্ষবরণ অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করার জন্য স্বরাষ্টমন্ত্রীর বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর শাখা।
জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু এক বিবৃতিতে বলেন, স্বরাষ্টমন্ত্রীর এই বক্তব্য জামায়াত-হেফাজতের বক্তব্যের প্রতিধ্বনি মাত্র। এই বক্তব্য জঙ্গিবাদ এবং মৌলবাদকে উৎসাহিত করবে, যা সংস্কৃতিপ্রিয় বাঙালি সংস্কৃতি ধ্বংস করার নামান্তর।
জোট নেতারা বলেন, উৎসবপ্রিয় বাঙালির হৃদয়ের স্পন্দন বুঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো নববর্ষ বোনাস ঘোষণা করেছেন। আর ঠিক তখনই স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে যশোরের সংস্কৃতিকর্মীরা উদ্বিগ্ন। যশোরের ২০টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন দেড়-দুইমাস নিরলসভাবে সাংস্কৃতিক মহড়া চালিয়ে আসছে বর্ষবরণ অনুষ্ঠানের জন্য। তাই স্বরাষ্টমন্ত্রীর বক্তব্যকে সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোর প্রত্যাখ্যান করছে। একইসাথে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পূর্বনির্ধারিত রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অঙ্গিকার ঘোষণা করছে।
