'সিক্রেট চ্যাট' সুবিধা আসছে ফেসবুক মেসেঞ্জারে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৩:৩৭
ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অপশন।  এর নাম 'সিক্রেট চ্যাট'। সিক্রেট চ্যাটে মিলবে 'সেলফ ডেস্ট্রাকটিং মেসেজ' অপশন। অর্থাৎ যাকে মেসেজ করেছেন, তার পড়া হয়ে গেলে একটি নির্দিষ্ট সময় পর নিজে থেকেই নষ্ট হয়ে যাবে গোপন মেসেজটি। ব্যাপারটা অনেকটা জেমস বন্ড সিরিজের সিনেমার মতো।
 
দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর দাবি, আইফোনের জন্য পরীক্ষামূলক এই অ্যাপ নিয়ে আসছে ফেসবুক। আইফোন প্ল্যাটফর্মে সফল হলে অ্যান্ড্রয়েডের জন্যও এই অপশন যুক্ত হবে ফেসবুক মেসেঞ্জারে।
 
শুধু তাই নয়, নতুন চ্যাটিং অপশনের পাশাপাশি চ্যাটবক্সকে 'রিটেল হাব'-এ পরিণত করতে চান মার্ক জুকারবার্গ। আমাজন, ফ্লিপকার্ট-এর মতো মেসেঞ্জারের মাধ্যমে পণ্য কেনাবেচা করা যাবে।
 
যদিও এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি, সিক্রেট চ্যাটে ঠিক কী কী ফিচার যোগ হতে পারে।
 
মেসেঞ্জারের প্রতিযোগী 'টেলিগ্রাম' অ্যাপে অবশ্য এখনই 'সিক্রেট চ্যাট' অপশন মেলে। এক্ষেত্রে দুই ব্যক্তির কথোপকথন 'এনক্রিপ্টেড' থাকে।  তৃতীয় কোনও ব্যক্তি সেই কথোপকথন পড়তে পারে না।
 
ফেসবুক মেসেঞ্জার তাদের নতুন অ্যাপে আরও কয়েকটি বাড়তি ফিচার যোগ করতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এখন অপেক্ষা, কবে থেকে বিশ্বব্যাপী ফেসবুক মেসেঞ্জারে সিক্রেট চ্যাটের সুবিধা মিলবে।