মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৮:১৫
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কর ফাঁকির বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। এবার জানা গেল পানামার একটি আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে।
 
মোস্যাক ফনসেকা নামক ঐ প্রতিষ্ঠানটির ফাঁস হওয়া নথিতে পৃথিবীর অনেক সুপরিচিত ব্যক্তির কর ফাঁকির তথ্য বেরিয়ে এসেছে। সেই তালিকায় রয়েছেন ফুটবলের মহা তারকা লিওনেল মেসির নামও।
 
তথ্য অনুযায়ী মেসি ও তার বাবা হোর্হে হোরাসির ‘মেগা স্টার এন্টারপ্রাইজ’নামক একটি প্রতিষ্ঠানের মালিকানা রয়েছে। এ ব্যাপারেই পাওয়া গেছে স্বচ্ছতার অভাব।
 
ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, উরুগুয়ে এবং বেলিজের মতো কিছু দেশে প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে মেসির ছবি-স্বত্ব বিক্রি হয়েছে। তবে এর সঙ্গে তার নাম সরাসরি জড়ানো হয়নি।
 
ইতোমধ্যে কর ফাঁকির মামলায় স্পেনের আদালতে আর্জেন্টাইন অধিনায়ক ও তার বাবার বিচার চলছে। মেসির পক্ষ থেকে বলা হয়েছে, মূল সমস্যাটা সৃষ্টি করেছেন তার এক আর্থিক উপদেষ্টা। সে কারণেই এর আগেও হোরাসিকে ৫০ লাখ ইউরো জরিমানা গুণতে হয়েছে।