জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৩ ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দেওয়া এ কারণ দর্শানোর নোটিশে আগামী ৭ এপ্রিলের মধ্যে তাদের উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে।
অভিযুক্ত ৩ ছাত্রলীগ কর্মী হলেন-বিশ্ববিদ্যালয়ের ৪২ তম ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ সকাল, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের শামীম আহমেদ ও ৪৩ তম ব্যাচের রসায়ন বিভাগের রবিন। গতকাল রোববার বিচার চেয়ে পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের ঐ ভুক্তভোগী শিক্ষার্থীকে আনিছ মাহমুদ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন।
লিখিত অভিযোগপত্রে আনিছ মাহমুদ জানান, ‘গত ২ এপ্রিল আমাদের বিভাগের ৩৩ তম আর্বতনের ১ যুগপূর্তি উপলক্ষ্যে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রথম চারটি সারি আমাদের বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ছিল। আমি মুক্তমঞ্চের ২য় সারিতে সহপাঠীদের সঙ্গে বসে ছিলাম। বৈদ্যুতিক বিভ্রাটের কারণে অনুষ্ঠানে বিশৃংখলা দেখা দিলে আমি উঠে মঞ্চের সামনে গিয়ে স্যারদের সঙ্গে কথা বলে ফিরে এসে আমার পূর্বের ফাঁকা আসনে বসি।
তখন পাশে বসা সাব্বির আহমেদ সকাল ও শামীম আহমেদ আমাকে উক্ত আসনে বসার জন্য কার অনুমতি নিয়েছি তা জানতে চায়। কথোপকথনের এক পর্যায়ে সকাল আমাকে দেখে নিবে বলে শাসায় এবং মারার হুমকি দেয়। এরপর শামীম ও সকালের নেতৃত্বে ১৫-২০ জন আমার উপর হামলা চালায়। শামীম ও সকাল আমার বুকে লাথি মারে এবং অন্যরা আমাকে কিল ঘুষি মারতে থাকে। উক্ত ঘটনায় আমার কান ফেটে রক্তক্ষরণ হয় এবং আমার দুই হাত, ডান পা, বুকে, ঘাড়ে, মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়। আমাকে আহত অবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে তিন জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।’
উল্লেখ্য,এর আগে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগ কর্মী শামীম আহমেদকে ছয় মাস বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
