সিট বরাদ্দের দাবিতে বাকৃবিতে প্রশাসন ভবনে তালা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:১১
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হলে সিট বরাদ্দের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।
 
মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা তালা ঝুলিয়ে প্রশাসন ভবন অবরোধ করে রাখা হয়। এ সময় আটকে পড়েন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর সহ কর্মকর্তা-কর্মচারীরা।
 
জানা গেছে, নতুন হলের নির্মাণ কাজ শেষ হলে সেখানে সিট দেয়া হবে এমন প্রতিশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের প্রথম বর্ষের ১২০ জন ছাত্রীকে হেলথ কেয়ার সেন্টারে রাখে প্রশাসন। আবাসন সংকটের কারণে ছাত্রীদের সাময়িক ওই সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে হলের কিছু অংশের নির্মাণ কাজ শেষ হওয়ায় সেখানে অন্য হলের কিছু ছাত্রীকে উঠানো হয়েছে। এ খবর পেয়ে ওই ছাত্রীরা তাপসী রাবেয়া হলের অফিসে গিয়ে তাদের সিটের নোটিশ দেয়া হবে কিনা তা জানতে চায়। সকাল ১১টা নাগাদ নোটিশ দেয়ার কথা থাকলেও নোটিশ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্রীরা। পরে তারা প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এর সামনে অবস্থান নেয়।
 
খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টর ও নতুন হলের প্রভোস্ট। এ সময় দ্রুত তাদের তালিকা প্রকাশ করে হলে উঠানো হবে বলে আশ্বাস দেন ছাত্রবিষয়ক উপদেষ্টা। আশ্বাস পেয়ে ১টার দিকে তালা খুলে দেন ছাত্রীরা।