বাবাকে গাড়ি উপহার মুস্তাফিজের

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৮:৪৩
এক বছরের মাঝেই পারফমেন্স দিয়ে সারাবিশ্বের নজর কেড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এরই মধ্যে ফ্রাঞ্জাইজিভিত্তিক সবগুলো লিগেরই হটকেকে পরিণত হয়েছেন তিনি। এক কোটি ৪০ লাখ রুপিতে বিকিয়েছেন আইপিএলের দল সানরাইজার্স হায়দারাবাদে।
 
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর ছুটি পেয়ে চলে যান সাতক্ষীরা নিজের গ্রামের বাড়িতে। বাড়িতে থাকাকালেই পিতা আবুল কাশেম গাজীর জন্য কিনেছেন একটি প্রাইভেট কার। পরিবারের ছোট ছেলের কাছ থেকে নতুন এই উপহার পেয়ে দারুণ খুশি মুস্তাফিজের পিতা আবুল কাশেম।
 
পরিবারের জন্য কেনা গাড়ি প্রসঙ্গে বাঁহাতি পেসার মুস্তাফিজের গর্বিত পিতা আবুল কাশেম বলেন, ‘ছেলে ভালো কিছু করলে সব সময় আমার খুব ভালো লাগে। আমি দোয়া করি মুস্তাফিজ যেন সামনের ম্যাচগুলোতে আরো ভালো করে। একই সঙ্গে ও (মুস্তাফিজ) ভালো খেলে দেশের জন্য আরো বড় সুনাম বয়ে আনতে সক্ষম হবে।’