সুয়ারেজের জোড়া গোলে জিতল বার্সা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ০৮:৫৮
লুইস সুয়ারেজের নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১০ জনের দলে পরিণত হওয়া অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুতে ফার্নান্দো তোরেসের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সুয়ারেজের জোড়া গোলে দারুণ এই জয় তুলে নেয় স্বাগতিকরা।
 
প্রথমার্ধের শুরু থেকেই বলের দখল ছিল বার্সেলোনার; কিন্তু মেসি-নেইমার ভাঙতে পারেননি অ্যাটলেটিকোর শক্ত রক্ষণভাগ। মেসি দুটি লক্ষ্যভ্রষ্ট শট নেওয়ার পর ১৯তম মিনিটে ম্যাচের প্রথম সুবর্ণ সুযোগটা পেয়েছিলেন নেইমার। দানি আলভেসের ক্রসে লাফিয়ে উঠে হেড করেছিলেন ব্রাজিল অধিনায়ক। চোখের সামনে ছিল পুরো জাল; কিন্তু বল চলে যায় ক্রসবার উঁচিয়ে।
 
ক্যাম্প ন্যুকে স্তব্ধ করে দিয়ে ২৫তম মিনিটে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন তোরেস। কোকের দুর্দান্ত পাস থেকে বল মার্ক আন্দ্রে টের স্টেগেনের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠিয়ে দেন স্পেনের এই ফরোয়ার্ড।
 
৩২তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল অতিথিরা। তোরেসের পাস থেকে বল বুটের সামনের অংশ দিয়ে দূরের পোস্টের দিকে পাঠিয়েছিলেন অ্যান্তনি গ্রিজমান। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে তা ঠেকান টের স্টেগেন। ৩৫তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তোরেসকে। গোলের পরপরই নেইমারকে অহেতুক ফাউল করে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন। সতর্ক না হয়ে এরপরও খামোখা বার্সেলোনার অর্ধে সার্জিও বুসকেতসকে পেছন থেকে ফাউল করেন তিনি। দিয়েগো সিমিওনে দুই হাত মাথার উপরে তুলে যতই প্রতিবাদ জানান না কেন, অ্যাটলেটিকোকে ১০ জনের দলে পরিণত করার জন্য তোরেসকেই দোষ দিতে হবে। 
 
IMG0
 
একজন কম নিয়ে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রক্ষণাত্মক খেলায় চলে যায় অ্যাটলেটিকো। আর একের পর এক আক্রমণে অতিথিদের রক্ষণ কাঁপিয়ে দেন মেসি-নেইমার। ৬৩তম মিনিটে তখন পর্যন্ত অনুজ্জ্বল সুয়ারেজের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। গোলের দিকে শট নিয়েছিলেন জরদি আলবা, ছয় গজের বক্সে দাড়িয়ে থাকা সুয়ারেজ বলটা খালি জালে ঠেলে দেন পা দিয়ে।
 
৭৪তম মিনিটে বার্সেলোনাকে এগিয়েও দেন সুয়ারেজ। ডান দিক থেকে আলভেসের ক্রসে উরুগুয়ের এই ফরোয়ার্ডের জোরালো হেড ঠেকানোর সুযোগ পাননি ওবলাক। এই মৌসুমে সব মিলিয়ে সুয়ারেজের গোল হলো ৪৫টি। এ নিয়ে ক্যাম্প ন্যুতে টানা চার ম্যাচে অ্যাটলেটিকোকে হারাল বার্সেলোনা। তবে মূল্যবান একটি অ্যাওয়ে গোলে কিছুটা সান্ত্বনা নিয়ে আগামী ১৩ এপ্রিল নিজেদের মাঠে ফিরতি ম্যাচের জন্য প্রস্তুত হতে পারবে সিমিওনের দল। মঙ্গলবার রাতের অন্য ম্যাচে বেনফিকাকে নিজেদের মাঠে একমাত্র গোলে হারায় বায়ার্ন মিউনিখ। গোল.কম।