পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২৪ নভেম্বর শুরু

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৫:৩১

দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু আগামী ২৪ নভেম্বর শনিবার থেকে। ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে প্রচার সপ্তাহ শেষ হবে আগামী ২৯ নভেম্বর।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন এ কথা জানান।

তিনি বলেন, জনগণকে প্রত্যাশা অনুযায়ী সেবা দেয়া, সেবা নিতে উদ্বুদ্ধ করা এবং প্রতিটি কর্মীকে সেবা দিতে আরও উৎসাহিত হওয়ার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতি বছর সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করে থাকে। দেশব্যাপী সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বিভাগ ও জেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও প্রেস ব্রিফিং এবং উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এসব সভা ও প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন বলে জানান সালেহ উদ্দিন।

সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্যের উপর মাঠপর্যায়ে কর্মসূচি হাতে নেয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের যৌথ স্বাক্ষরে একটি নির্দেশনামূলক পত্র মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে, যাতে স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীরা পরিবার পরিকল্পনার মাঠ কর্মীদের সঙ্গে একযোগে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হন। বাসস।

ইত্তেফাক/এমআই