সমাজ বিরোধীদের কাছে আত্ঙ্কের নাম ইউএনও আজাদ জাহান

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০১:০০
কুষ্টিয়ার মিপেুরে ৫ ও ৬ এপ্রিল ভ্রাম্যমান আদালত বিভিন্ন অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ইয়াবা সেবন করার অপরাধে মাদক দ্রব্য আইনে আশিক ইকবাল (১৮)কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইভটিজিং করার দায়ে রাজিব মণ্ডল (২৫) কে ১ মাসের ও একই অপরাধে মোঃ শরিফ (৩০) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আশিক ইকবাল উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের আমজাদ হোসেনের পুত্র, মোঃ শরীফ ধুবইল ইউনিয়নের কালিকাপুরের তৈয়ব আলীর ছেলে এবং রাজিব মণ্ডল বহলবাড়ীয়া ইউনিয়নের বহবাড়ীয়া গ্রামের হাশেম মণ্ডলের ছেলে।
এছাড়া কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে ৪৭ বিজিবি’র ব্যবস্থাপনায় ৮৯তম রিক্রুট ব্যাচে মেহেরপুর জেলার লোক ভর্তির সময় ১ প্রতারককে  গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রতারকের নাম-মোঃ মানিক আলী (২০)। সে মেহেরপুর সদর থানার রঘুনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। প্রতারক মানিককে ভ্রাম্যমান আদালতে আনা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
কুষ্টিয়ার মিরপুরের ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান এসকল কারাদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, সমাজ বিরোধীদের কাছে রীতিমত আতঙ্কের এক নাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান। দুষ্টের দমনে যেমন তিনি রুদ্রমুর্তি ধারন করেন অন্যদিকে শিষ্টের পালনেও তাঁর বিনয়ী ভুমিকা অনন্য। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আজাদ জাহান ইংরেজী বিষয়ে অনার্সসহ স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করে ২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গাইবন্ধা কালেক্টরেটে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ঝালকাঠির নলছিটি উপজেলা ও ভেড়ামারা উপজেলায় তিনি সহকারী কমিশনার (ভুমি)র দায়িত্ব পালন করেন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে তিনি ৩ বছর ধরে কর্মরত আছেন।
 
এরমধ্যে পরপর ২ বছর তিনি কুষ্টিয়া জেলার সেরা ইউএনও হবার কৃতিত্ব দেখান। ওই উপজেলার দায়িত্ব পালনের ৩ বছরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড প্রদান করে প্রায় ১০ লক্ষাধিক টাকা আদায় করে সরকারী কোষাগার সমৃদ্ধ করেছেন। এরমধ্যে শুধু ২০১৫ সালের এক পরিসংখ্যানে দেখা যায়, তিনি ১০২ টি অভিযান চালিয়ে ১৮৮টি মামলা দায়ের করে ২৭৫ জন ব্যাক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। যারমধ্যে ১১৩জনকে কারাদন্ড ও ১৬২ জন সমাজবিরোধীকে অর্থদন্ড প্রদান করে ৪ লক্ষ ১৭ হাজার ১ শত ৫০ টাকা আদায় করেন।