সেলফি উন্মাদনায় অপ্পোর বাজার সেরা সংযোজন এফ১ প্লাস

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১০:৩৩
গত কয়েক বছরে সেলফি নিয়ে সারা বিশ্বে বেশ বড় রকমের একটা উন্মাদনা তৈরি হয়েছে। যে কারণে এখন স্মার্টফোন কেনার আগে ব্যবহারকারীরা ব্যাক ক্যামেরার চেয়ে ফ্রন্ট ক্যামেরায় গুরুত্ব দেন বেশি। আর বাজারে সাড়া জাগাতে ভালো ফ্রন্ট ক্যামেরার ফোন তৈরিতে মনোযোগ দিয়ে থাকে স্মার্টফোন নির্মাতারা। সেলফিপ্রেমী গ্রাহকদের মন জয় করে এই ক্ষেত্রে এগিয়ে থাকতে নতুন একটি ডিভাইস এনেছে  অপ্পো। অপ্পো এফ১ প্লাস নামের নতুন স্মার্টফোনটিতে আছে ১৬ মেগাপিক্সেল (এমপি) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
স্মার্টফোনের জগতে জনপ্রিয় হয়ে ক্রমেই উঠেছে অপ্পো। নতুন নতুন স্মার্টফোন ছেড়ে বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে যাচ্ছে তারা। বিকাশমান স্মার্টফোন বাজারে প্রতিনিধিত্বশীল অবস্থানে পৌঁছাতে আকর্ষণীয় কনফিগারেশনের ফোন এনে থাকে অপ্পো। কম দামী এই সব ডিভাইসের মাধ্যমে এরই মধ্যে বেশ পরিচিতিও অর্জন করেছে প্রতিষ্ঠানটি। নতুন ফোনটি তাদের বাজার অবস্থানকে আরও পাকাপোক্ত করবে বলেই বিশ্বাস অপ্পো কর্তৃপক্ষের।
 
অপ্পো এফ১ প্লাস স্মার্টফোনে ১৩ এমপির রিয়ার ক্যামেরা থাকবে। এর ৫ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনে রয়েছে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের  ডিসপ্লে, যেটি প্রতি ইঞ্চিতে ৪০০ পিক্সেল করে প্রদান করবে।
 
মিডিয়াটেক এমটি৬৭৫৫ প্রসেসরের এই ফোনে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকলেও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে সেটি বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।
 
নতুন এই স্মার্টফোনে অনবোর্ডে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ থাকলেও অপ্পোর নিজস্ব অপারেটিং সিস্টেম কালার ৩.০ একে কিছুটা ভিন্নতা দান করবে।
 
ফোনটি বর্তমানে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও ভারতে পাওয়া যাচ্ছে। ভারতের বাজারের জন্য ডিভাইসটির দাম ধরা হয়েছে ২৬ হাজার ৯৯০ রুপি।