গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি। শুক্রবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।
রিজভী আহমেদ বলেন, 'আমি দলের পক্ষ থেকে অবিলম্বে সরকারের এ ধরনের গণবিরোধী পরিকল্পনা থেকে সরে আসার জোরালো আহবান জানাচ্ছি। অন্যথায় গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করলে বিএনপি জনগনকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।'
তিনি আরও বলেন, গণবিরোধী অবৈধ এ সরকার দূর্নীতি ও লুটপাটের মাধ্যমে সব সেক্টর ধ্বংসের পর আবারও গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুনের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে তারপরও এ বৃদ্ধি করা হচ্ছে সরকারের দুর্নীতির ব্যপ্তি আরও বৃদ্ধি করার জন্য। গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে মানুষের জীবন যাত্রায় ব্যয় আতিমাত্রায় বৃদ্ধি পেয়ে জনগনকে অতুল গহবরে ঠেলে দেয়া হবে।
তিনি বলেন, গুম অপহরন লাশের মিছিলে যেখানে দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে সেখানে নতুন করে দাম বাড়ালে ক্রয় ক্ষমতা হারাবে। দেশ দুর্যোগে পড়বে। দেশের অর্থনীতির বিশাল অংশ বিদেশে পাচার করে অর্থনীতিকে দাফন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ -র্যাব হত্যা বিলাশী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ র্যাব এখন বাংলাদেশে হত্যাবিলাসী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাষ্ট্র শক্তিকে নিজেদের সুবিধামত ব্যবহার করার জন্যই আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সরকার নিজেদের মনের মত করে সাজিয়ে নিয়েছে। কারণ এদেরকে দিয়ে সরকারের দীর্ঘস্থায়ী ক্ষমতা আঁকড়ে রাখতে সহ্য়াতা নেয়া আর সরকারের সীমাহীন দুর্নীতি আর লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠকে নিস্তব্ধ করার ভাড়াটিয়া বাহিনী হিসেবে কাজ কারনো।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন , ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর আবদুল লতিফ জনি প্রমুখ।
