গ্রীসে প্রবাসী বাংলাদেশিদের পেনশন জটিলতা অচিরেই কাটবে

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৫:১৩
গ্রীসে বসবাসরত বাংলাদেশিদের অবসর গ্রহণের পর পেনশন বিষয়ক জটিলতা আর থাকবে না বলে জানিয়েছেন গ্রীসের শ্রম, সামাজিক বীমা ও সামাজিক ঐক্য বিষয়ক মন্ত্রী জর্জ কাতরুগালস। শুক্রবার সকালে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেছেন। গ্রীক শ্রমমন্ত্রী এ সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 
এ সময় কাতরুগালস আরো বলেন, গ্রীস দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরো জোরদার করার লক্ষ্যে একযোগে কাজ করে যাবে।

 

বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন গ্রীসের শ্রমমন্ত্রী কাতরুগালসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে অবহিত করেন। তিনি গ্রীসের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে এই সম্পর্ককে আরো জোরদার করার উপর গুরুত্ব দেন। এছাড়া উভয় পক্ষ শ্রম বিষয়ক সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা করেন।