জঙ্গি দমনে নিউজিল্যান্ডকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই -------- র্যাব মহাপরিচালক

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০০:৩৩

বাংলাদেশ জঙ্গিবাদ বিস্তারে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকলেও আমরা তা মোকাবিলা করতে সমর্থ হয়েছি। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। নিউজিল্যান্ডে মসজিদে হামলা প্রসঙ্গে তিনি বলেন, যানজট না থাকা সত্ত্বেও ঘটনার ৪০ মিনিট পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের দেশে এ ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। প্রয়োজন হলে জঙ্গি দমনে নিউজিল্যান্ডকে যে কোনো তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতে চাই। বাংলাদেশে সরকারের নীতি, জনগণের ঐক্যবদ্ধ বিরোধিতা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে জঙ্গি প্রতিরোধ সম্ভব হয়েছে। গতকাল শনিবার চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ সব কথা বলেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্প। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আইরিন বাশার রিফাত।

র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ আরও বলেন, জঙ্গিবাদ-সহিংসতা এক ধরনের মতবাদ। এই মতবাদ মোকাবিলার পাল্টা একটি মতবাদ নিয়ে এগুতে হবে। বিশ্বের বিভিন্ন স্থানে মুুসলিম বিদ্বেষী যে ক্ষোভ তৈরি হয়েছে তা নিরসনে ইসলামী চিন্তাবিদদের আরও এগিয়ে আসতে হবে। একই সাথে আন্তঃধর্মীয় সংলাপ বাড়াতে হবে। বাংলাদেশে জঙ্গি দমনে আমরা সফল হয়েছি, তবে তৃপ্ত হইনি। নিউজিল্যান্ডের ঘটনার পর দেশে উগ্রবাদ প্রতিরোধে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। এ দেশে জঙ্গিবাদের যেন কোনো ধরনের স্ফূরণ না ঘটে সে বিষয়ে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।