নগরের থমকে থাকা উন্নয়নে গতি ফেরাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পরপরই মাঠে নেমে পড়েছেন। আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সুন্দর ঢাকা গড়তে মেয়র স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। তবে মেয়র ইতোমধ্যে তিন পর্বের মধ্যে স্বল্পমেয়াদী কার্যক্রম বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আজ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পরিচ্ছন্ন ঢাকা বিনির্মাণে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়ে রাজধানীর তেজগাঁওস্থ মেয়র আনিসুল হক সড়কে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করছে সংস্থাটি। এছাড়া আগামী ১লা এপ্রিল থেকে সংস্থাটির আওতাধীন এলাকায় সকল অবৈধ বিলবোর্ড, পোস্টার ও দেয়াল লিখনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া নাগরিকদের সমস্যার কথা জানাতে বিশেষ হটলাইন চালু এবং ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান ও সহযোগিতার লক্ষ্যে ‘নগর’ মোবাইল অ্যাপ পুনরায় চালু এবং যেসব নাগরিক তাদের বাড়ির ছাদে, বেলকনিতে বা বাড়ির সামনে সবুজায়ন বা বনায়ন করবেন তাদের বিশেষ কর সুবিধা প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র।
রাজধানীর গুলশান ও বনানী বারিধারার মতো ডিএনসিসির সঙ্গে যুক্ত হওয়া ৮ ইউনিয়নের সকল রাস্তাঘাট, পার্ক ও খেলার মাঠসহ সকল অবকাঠামোগত উন্নতি করার পরিকল্পনা হাতে নিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি সূত্র জানায়, সংস্থাটির সঙ্গে নতুন যুক্ত হওয়া ৮টি ইউনিয়নে মেগা প্রকল্পের মাধ্যমে ৩ হাজার ২ শত কোটি টাকার রাস্তা, ফুটপাথ, লাইট ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করতে বিশেষ প্রকল্প নিয়েছে সংস্থাটি। এছাড়া এসব এলাকায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য আরও ৭ শত কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করবে সংস্থাটি।
যে কোনো নাগরিক বাড়ি বা যে কোনো প্রকার স্থাপনা নির্মাণের সময় ফুটপাথ বন্ধ রাখা ও শব্দদূষণ, ধুলিদূষণ যাতে না হয় তার প্রতি লক্ষ্য রাখতে ও তা পুরোপুরি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন মেয়র।
সংস্থাটির কর্মকর্তারা জানান, নতুন মেয়র দায়িত্ব গ্রহণের পরপরই করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন এবং সকল কর্মকর্তাদের কাছে তার পরিকল্পনা তুলে ধরেছেন। তার নির্দেশনা অনুযায়ী সবাই কাজ শুরু করে দিয়েছেন।
