বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগ - বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে ৫০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ কর্মিদের ৯টি মোটরসাইকেল এবং বিএনপি সমর্থকদের ৭ টি দোকানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে ।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মণ্ডলের উদ্যোগে রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৪টায় রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ধিত সভা আহ্বান করা হয়। বেলা ৩টা থেকে বিএনপির বর্ধিত সভা উপলক্ষে নেতাকর্মীরা স্কুল মাঠে সমবেত হতে থাকে। বিকেল ৪টার দিকে রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফিনেওয়াজ খান রবিনের কর্মী সমর্থকরা ৯টি মোটরসাইকেলে স্কুল মাঠে গিয়ে বিএনপির বর্ধিত সভা বন্ধ করতে বলেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা পালিয়ে যায়।পরে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল গুলোতে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালালে দুপক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এ সময় পুলিশ প্রথমে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এক পর্যায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দিলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। সংর্ঘষের কারণে বিএনপির বর্ধিত সভা ভণ্ডুল হয়ে যায়।
গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সহিংসতা এড়াতে স্কুল মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
