‘তরুণরা গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৪:৩৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। আর তরুণরাই হল সেই সোনার মানুষ। ‘তরুণরা গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’।
 
তিনি বলেন, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিসংগ্রাম থেকে শুরু করে দেশের অগ্রগতির সকল ক্ষেত্রে তরুণরা অগ্রণি ভূমিকা পালন করেছেন।
 
রবিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ : স্বপ্নপূরণের অভিযাত্রা, দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থানের সুযোগ’ শীর্ষক সেমিনার ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।
 
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে দেশের মানুষ ১০ টাকা মিনিটে মোবাইলে কথা বলতো। ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১’ ঘোষণার পর থেকে তথ্য ও প্রযুক্তিখাত অপ্রতিরোদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এ সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।