বরগুনায় ফুফাতো বোনের স্বামীকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।
বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকরগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় রুবেল ও চম্পা নামে দুজন আহত হয়েছে। তাদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
স্বজনরা জানান, নিহত রাসেল ৭ মাস আগে একই এলাকার শিরিনকে বিয়ে করেন। কিন্তু শিরিনের মামাতো ভাই সোহেল শিরিনকে বিয়ে করতে চেয়েছিলেন। বিয়ের পরও শিরিনকে স্বামীর ঘর ছেড়ে আসার প্রস্তাব দিয়েছিল সোহেল। কিন্তু শিরিন স্বামীর ঘর ছেড়ে না আসায় তার স্বামী রাসেলের ওপর ক্ষিপ্ত হয় সোহেল। রবিবার দুপুরে রাসেল স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিল। সোহেল ও তার সহযোগীরা রাসেলকে কুপিয়ে হত্যা করে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজ হেসেন জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
