৫ ছাত্রের বিরুদ্ধে শাস্তি : প্রতিবাদে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৯:২৮
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচ ছাত্রকে বহিষ্কারের ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
 
যবিপ্রবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রবিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে ছাত্রদের শাস্তি প্রত্যাহার এবং কর্মচারীর শাস্তি বহাল রাখার দাবি জানান শিক্ষার্থীরা।
 
জিইবিটি বিভাগের শিক্ষার্থী দোলা খাতুন, নাসির উদ্দিন বাদলসহ শিক্ষার্থীরা  বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছিলেন শিক্ষার্থীরা। এর জের ধরে জ্যেষ্ঠ নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদল বহিরাগতদের নিয়ে ২০১৫ সালের ১০ ডিসেম্বর শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অথচ তদন্ত কমিটি এক ছাত্রকে আজীবন বহিষ্কার, দুই ছাত্রকে এক বছর এবং আরো দুই ছাত্রকে হল থেকে বহিষ্কারের সুপারিশ করে। যবিপ্রবি রিজেন্ট বোর্ড সেই সুপারিশ গ্রহণ করে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেন। ছাত্রদের প্রতি এই অন্যায় কোনোভাবেই মেনে নেয়া হবে না। তারা অনতিবিলম্বে ছাত্রদের বিরুদ্ধে নেয়া শাস্তি প্রত্যাহার দাবি জানান। একইসাথে ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দানকারী কর্মচারী বাদলের চাকরি থেকে বহিষ্কারের শাস্তি বহাল রাখারও দাবি জানান। দাবি আদায়ে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন করবেন বলেও জানিয়েছেন।