সব শঙ্কা উড়িয়ে জাকজমকপূর্ণভাবে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট (ডিপিএল)। প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটিসহ মোট ১২টি দল নিয়ে ২২ এপ্রিল থেকে শিরোপার লড়াইয়ে নামবে।
রবিবার হোটেল লা মেরিডিয়ানে প্রিমিয়ার লিগের এবারের আসরের ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি প্রধান। এ সময় তিনি দেশের শীর্ষ ক্লাবগুলোকে ধন্যবাদ জানান। তবে খেলোয়াড় নির্বাচনে 'প্লেয়ার বাই চয়েজ' পদ্ধতিতে তিনি মোটেই রাজি ছিলেন না বলে জানান।
তিনি বলেন, এখানে ক্লাবগুলো তাদের ইচ্ছানুযায়ী খেলোয়াড় পাবে না। আবার অনেক ক্রিকেটার হয়ত দলও পাবেনা। তবে এই পদ্ধতিতে ক্রিকেটাররা তাদের পারিশ্রমিকের নিশ্চয়তা পেলেন বলে জানান পাপন। বলেন, ‘আগে ক্রিকেটাররা ঠিকমত তাদের পেমেন্ট পেতেন না বা কেউ বেশি টাকা পেতো।
তবে প্লেয়ার্স বাই চয়েজ সেই জটিলতার অবসান ঘটাতে যাচ্ছে। এছাড়াও প্লেয়ারদের আয় যদি ট্যাক্স দিতে সক্ষম হয়, তাহলে সরকারও তাদের টাকা থেকে উপকৃত হবে।’
অনুষ্ঠান শেষে পাপন সাংবাদিকদের বলেন, ‘প্লেয়ার্স বাই চয়েজে ভালো ক্রিকেটাররা সব দলেই ছড়িয়ে পড়েছে। আশা করি প্রতিদ্বন্দ্বিতামুলক একটি লিগ হবে এবার।’
