‘চিত্ত জাগুক গানে গীতে কাব্যে কথায়’—এই বোধ ও প্রত্যাশায় সঞ্জীবিত হয়ে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে চলছে পাঁচ দিনের বর্ষবরণ অনুষ্ঠান। গতকাল রবিবার ছিল উৎসবের দ্বিতীয় দিন। এদিনের আয়োজন সাজানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান দিয়ে। শুরুতেই মঞ্চে শিল্পী সেমন্তী মঞ্জরি। গাইলেন ‘চোখে আমার তৃষ্ণা’। এরপর আরও দুইটি গান পরিবেশন করেন। এদিনের অন্য শিল্পীরা ছিলেন— রেজওয়ানা চৌধুরী বন্যা, বুলবুল ইসলাম, শামা রহমান, ফাহিম হোসেন চৌধুরী, মহিউজ্জামান চৌধুরী, অদিতি মহসিন, লাইসা আহমদ লিসা, ফারহিন নুসরাত জয়িতা, সৈকত মজুমদার, নির্ঝর চৌধুরী। উপস্থাপনা করেন বাকশিল্পী হাসান আরিফ। উৎসবের তৃতীয় দিন আজ সোমবার সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে ‘তিনকবি ও রাগাশ্রয়ী গান’। সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের গতকাল ছিল চতুর্থ দিন। এদিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে প্রদর্শিত হয় নাগরিক নাট্যাঙ্গনের নাটক ‘গহর বাদশা বানেছা পরী’। এই নাটকটির নাট্যরূপ করেছেন এবং নির্দেশনা দিয়েছেন হূদি হক। একই সময়ে একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ হলে ‘নাট্যকেন্দ্র’ মঞ্চায়ন করে নাটক ‘বন্দুক যুদ্ধ’ ও ‘গাধার হাট’। বিকাল থেকে শিল্পকলার জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে পদাতিক নাট্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শেষ হবে পদাতিক নাট্য সংসদ আয়োজিত পাঁচদিনব্যাপী এ নাট্য উৎসব। উৎসবের আজ সমাপনী দিনের বিকালে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলের বাইরে খোলা প্রাঙ্গণে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সোয়া সাতটায় জাতীয় নাট্যশালার মূল হলে ভারতের নাট্যদল ‘অনিক’ মঞ্চায়ন করবে তাদের নাটক ‘পূর্ণজনম’ এবং একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে দেশের অন্যতম নাট্যসংগঠন ‘পদাতিক নাট্য সংসদ‘ মঞ্চায়ন করবে নাটক ‘জনমাংক’। এছাড়াও প্রতিদিনের মতো বিকাল ৫টায় শিল্পকলার জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাতীয় লোকনাট্য উৎসব
বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় লোকনাট্য উৎসব। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রাজশাহীর পুঠিয়ায় উত্সবের উদ্বোধন করবেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা।
তিনদিনের উত্সবের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে— শোভাযাত্রা, লাঠিখেলা, সেলিম আল দীন লোকনাট্য সম্মাননা প্রদান।
