পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছিল নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:২৪

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে অভিযুক্ত হামলাকারী ব্রেন্টন টারান্ট ২০১৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল। সেই সফরের সময় পাকিস্তানের মানুষের আতিথেয়তার ব্যাপক প্রশংসা করেছিল ব্রেন্টন। খবর বিবিসির।

সফরকালে ব্রেন্টন পাকিস্তানের  উত্তরাঞ্চলের একটি শহরের ওশু থাং হোটেলে দুই রাত অবস্থান করেছিল বলে জানা গেছে।

ওশু থাং হোটেলের মালিক সৈয়দ ইসরার হোসেন বিবিসিকে জানিয়েছেন, ২০১৮ সালের অক্টোবরে ব্রেন্টন টারান্ট তার হোটেলে 
দুই রাত অবস্থান করেছিল এবং সে একাই এসেছিল। 

এছাড়া তিনি জানান, হোটেলে অবস্থানকালে ব্রেন্টন চারপাশের এলাকায় পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছিল এবং অন্য সব পর্যটকের মতই  অনেক ছবি তোলে। 

ওশু থাং হোটেলের মালিক হোসেনের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে ব্রেন্টন টারান্টের একটি ছবি ছিল। তবে সেটি তিনি মুছে ফেলেন।

গত বছরের অক্টোবরে পোস্ট করা ওই ছবির সঙ্গে ছিল পাকিস্তান সম্পর্কে ব্রেন্টন টারান্টের প্রশংসাসূচক মন্তব্য।

এতে ব্রেন্টন টারান্ট লিখেছিল, পাকিস্তান এক আশ্চর্য জায়গা, বিশ্বের সবচেয়ে দয়ালু এবং অতিথিপরায়ণ মানুষে পরিপূর্ণ একটি দেশ।

হোটেল মালিক সৈয়দ ইসরার হোসেন জানান, পাকিস্তান সফরের সময় তিনি টারান্টের মধ্যে মুসলিমদের বা ইসলাম সম্পর্কে কোন বিদ্বেষ দেখেননি। 

ব্রেন্টন টারান্ট পাকিস্তান ছাড়াও উত্তর কোরিয়া, তুরস্ক, পোল্যান্ড সহ আরও কিছু দেশ ভ্রমণ করেন সম্প্রতি। তবে এর ফাঁকে ফাঁকে তিনি নিউজিল্যান্ডে লম্বা সময় ছিল। 

আরো পড়ুন: মসজিদে হামলার আগে প্রধানমন্ত্রীকে ইমেইল করে হামলাকারী

গত শুক্রবার ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারী ব্রেন্টন ট্রারান্ট হামলা চালায়। এতে ৫০ জন নিহত হয়েছেন।আহত হয়েছে ৩০ জনের বেশি। এছাড়া  হামলায় অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা।

ইত্তেফাক/এসআর