পশ্চিমবঙ্গে বিধানসভার ৩১ আসনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৭টায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধে ৬টা পর্যন্ত। প্রথম দফার দ্বিতীয় দিনে ভোট নেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ১৩টি, বাঁকুড়ার ৯টি এবং বর্ধমান জেলার ৯টি বিধানসভা আসনে।
মোট ভোটারের সংখ্যা প্রায় ৭০ লাখ। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমানের ৩১টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৬৩ জন। এর মধ্যে নারী প্রার্থী ২১ জন। কড়া নিরাপত্তায় ভোট নেয়া হচ্ছে ৮ হাজার ৪শ ৬৫ ভোটকেন্দ্রে। বিধানসভার এ নির্বাচনে কংগ্রেস ও বাম ফ্রন্ট জোট এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তৃণমূল কংগ্রেস দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।
এদিকে শুরু থেকেই তিন জেলার একাধিক কেন্দ্র থেকে সহিসংতার খবর পাওয়া গেছে। এমনকি ভোটগ্রহণ শুরুর আগেই বাঁকুড়া এবং বর্ধমানে সহিংসতার ঘটনা ঘটেছে। যদিও নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বাঁকুড়ার সোনামুখী বিধানসভা কেন্দ্রে বিদায়ী তৃণমূল বিধায়ক দীপালি সাহার বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছে। ওই এলাকার পাত্রসায়রের বেলুট রসুলপুরে সকাল থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য চলছে। এমনকি সেখান থেকে বোমাবাজির খবরও পাওয়া গেছে।
বর্ধমানের জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থীর এজেন্টকে লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল। কেবল তাই নয় সেখানে সিপিএম প্রার্থীর ১০ জন এজেন্টকে বিভিন্ন বুথে ঢোকার আগেই মারধর করে তাড়িয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। একই খবর পশ্চিম মেদিনীপুরের সবং-এ। কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মানস ভুঁইয়ার এজেন্টদের সাতটি বুথে ঢুকতেই দেয়নি তৃণমূল।
এদিকে আজকের ভোটে এক ঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন নারায়ণগড়ের সূর্যকান্ত মিশ্র, সবং-এ মানস ভুঁইয়া। খড়গপুরে টানা ন’বারের কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী জ্ঞান সিংহ সোহনপালের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।
পিংলায় মুখোমুখি বিদায়ী মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং প্রাক্তন মন্ত্রী প্রবোধ সিংহ। পশ্চিমবঙ্গে এর আগে গত ৪ এপ্রিল প্রথম দফার ভোট হয়। আগামী ৫ মে পর্যন্ত পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হবে। পিটিআই।
