রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার বাদী আদালতে হাজির না হওয়ায় সংসদ সদস্যের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে আদালত। আগামী ৮ মে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য করা হয়েছে। সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার এ তারিখ ধার্য করেন।
এ মামলার আসামি বখতিয়ার আলম রনির জামিনের আবেদন নাকচ করেছে আদালত। এ সময় আদালতে বখতিয়ার আলম রনি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জাহিদ হোসেন সর্দার ও মাকসুদুল আলম আদালতকে বলেন, এ মামলার বাদী নিহত রিকশাচালক আবদুল হাকিমের মা মনোয়ারা বেগম অসুস্থ থাকায় আজ আদালতে হাজির হননি। পরবর্তী ধার্য তারিখে অবশ্যই তাকে আদালতে আনা হবে। তারা দুজনই আদালতকে জানান, নিহত অপর সিএনজিচালিত অটোরিকশাচালক ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগম ও তার মেয়ে রুনা আকতার আদালতে হাজির হয়েছেন। মামলার কাগজপত্র না পাওয়ার কারণে তারা আজ সাক্ষ্য দিচ্ছেন না।
গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে রনি নেশাগ্রস্থ অবস্থায় রাজধানীর নিউ ইস্কাটনে গাড়ি থেকে পিস্তল দিয়ে গুলি ছোড়েন। এতে এক রিকশাচালক আবদুল হাকিম এবং অটোরিকশা চালক ইয়াকুব আলী আহত হন। পরে ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। পরে এ ঘটনায় হাকিমের মা বাদী হয়ে রমনা থানায় এমপিপুত্র রনির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
