সাত খুন: ৭ সাক্ষীকে জেরা আসামিপক্ষের আইনজীবীদের

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৯:১৯
নারায়ণগঞ্জে সাত খুনের দুই মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনসহ সাত সাক্ষীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
 
সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ২৩ আসামির উপস্থিতিতে তাদের জেরা করা হয়। অন্য সাক্ষীরা হলেন-  লাশের সুরতহাল প্রস্তুতকারী এসআই বেলায়েত হোসেন, কনস্টেবল রমজান মৃধা, স্থানীয় বাসিন্দা মো. হোসেন, আবুল কালাম আজাদ, ফখরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
 
জেরা শেষে আদালত আগামী ১৮ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রেখে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন।
 
তিনি বলেন, আসামি তারেক সাঈদ মোহাম্মদ, এমএম রানা ও নুর হোসেনের আইনজীবীরা ম্যাজিস্ট্রেটসহ সাত সাক্ষীকে জেরা করেন। আদালত আগামী ১৮ এপ্রিল পরবর্তী দিন রেখেছেন। ওই দিন আট সাক্ষীকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
 
এর আগে সকালে পুলিশ পাহারায় প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয় বলে জানান পিপি খোকন।
 
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি ও বিজয় কুমার পাল মামলা দুটি দায়ের করেন।