বেসিক ব্যাংকের ৪৮ কোটি টাকা আত্নসাতের মামলায় ব্যাংকটির সাবেক ডিএমডি ফজলুস সোবহানকে জামিন দেয়নি হাইকোর্ট। পরে তার আইনজীবী আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ থেকে ফেরত নিয়ে যান।
ব্যাংকের ৪৮ কোটি টাকা অর্থ আত্নসাতের মামলায় গত বছরের ২৩ সেপ্টেম্বর নগরীর মতিঝিল থানায় মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারি পরিচালক একেএম ফজলে হোসেন। মামলায় ব্যাংকটির এমডিসহ ৮ জনকে আসামি করা হয়। পরে এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান ফজলুস সোবহান। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চে জামিন চেয়ে আবেদন করেন ওই আসামি। তার পক্ষে জামিন শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন দিতে অপরাগতা প্রকাশ করেন। পরে আসামির আইনজীবী জামিন আবেদনটি ফেরত নিয়ে নেন বলে জানান ড. মো. বশিরউল্লাহ।
