বাগেরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত মো. হাবী সরদার (৩৫) রামপাল উপজেলার গোলাবেলাই গ্রামের জহির সরদারের ছেলে।
মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হাবী সরদার জেলার হাসিনা বেগম মংলার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি সুপারি কারখানায় কাজ করতেন।
উল্লেখ্য, ২০০০ সালে জেলার মংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের মো. তোরাব আলী মোল্লার মেয়ে হাসিনা বেগমের সঙ্গে রামপাল উপজেলার গোনাবেলাই গ্রামের জহির সরদারের ছেলে হাবী সরদারের বিয়ে হয়। বিয়ের পর প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ২০১৪ সালের ২১ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের জের ধরে হাবী সরদার তার স্ত্রী হাসিনা বেগমকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়। ওই দিন পুলিশ হাবীকে খুলনা থেকে আটক করে। এ ঘটনায় হাসিনার বড় ভাই মো. শামসুল মোল্লা বাদী হয়ে হাবীকে আসামি করে হত্যা মামলা করেন। রামপাল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস ওই বছরের ৩১ ডিসেম্বর হাবী সরদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
