খুলনায় ইটের আঘাতে পাঁচ মাসের শিশু নিহত

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৩:০৯
খুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জমির মালিকের ইটের আঘাতে মুন্নি নামে পাঁচ মাসের এক শিশু নিহত হয়েছে।
 
মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর হরিণটানা থানার গল্লামারী লিনিয়ার পার্কের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ রাজিবকে (৩৮) গ্রেফতার করেছে।
 
পুলিশ জানায়, কবির ও তার স্ত্রী পাঁচ মাসের শিশু কন্যা মুন্নিকে নিয়ে নগরীর গল্লামারী লিনিয়ার পার্কের সামনে রাজিবদের জমিতে বসবাস করার পাশাপাশি কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করেন। বেলা ১২টার দিকে রাজিব এসে তাদের জমি থেকে চলে যেতে বলেন। কবির এ সময় রাজিবকে বলে ‘এ জমিতে তার (রাজিব) চাচাতো ভাই তাকে থাকতে দিয়েছেন’। তিনি না বললে আমি জমি ছেড়ে যাব না। এ নিয়ে কবিরের সঙ্গে রাজিবের বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজিব কবিরের ঘরে ইট নিক্ষেপ করে। নিক্ষিপ্ত ইট ঘুমন্ত পাঁচ মাসের শিশু কন্যা মুন্নির মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ রাজিবকে গ্রেফতার করেছে। রাজিব নগরীর বানরগাতী এলাকার কাজী এনামুল হকের ছেলে।
 
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।