লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিনটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা ও বিডি ফুডের এক এসআরসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা আদিতমারী উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান (৩২)। গাইবান্ধার বাসিন্দা আদিতমারী অঞ্চলে কর্মরত বিডি ফুডের এসআর অমিনুর রহমান (৩৫)। বাকী সবাই আদিতমারী ডিগ্রি কলেজের ছাত্র।
থানা পুলিশ জানায়, আসন্ন বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে নাশকতার আশংকায় উপজেলার মেডিকেল মোড়ের ইমন ছাত্রাবাস, আসাদুল ছাত্রাবাস ও রেলস্টেশন মোড়ের সাদ্দাম ছাত্রাবাসে অভিযান চালিয়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা ও বিডি ফুড ফ্যাক্টরির এসআরসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেয়া হবে। নির্দোষ প্রমাণিত হলে ছেড়েও দেয়া হবে।
