বগুড়ায় দুইজনকে গলাকেটে হত্যা

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৪:৩০
বগুড়া শহরের মাহবুবনগর এলাকায় পৃথক হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ার আনছার আলীর ছেলে শহিদুল ইসলাম (২৮) এবং শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়ার মৃত আজিজুল হকের ছেলে নৈশ প্রহরী আনোয়ারুল ইসলাম (৪২)।
 
সোমবার গভীর রাতে ও মঙ্গলবার ভোর রাতে এসব হত্যাকাণ্ড ঘটে।
 
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের মাহবুবনগর এলাকায় শহিদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে হত্যাকাণ্ডের কারন জানা যায়নি। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 
 
এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে শহিদুলকে হত্যা করা হয়েছে।
 
অপরদিকে শাজাহানপুর থানা পুলিশ জানায়, সোমবার রাত নয়টা থেকে আড়িয়াবাজার এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার ভোররাত তিনটা পর্যন্ত তাকে বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
 
ভোর পাঁচটার দিকে বাজারের দক্ষিণ পার্শ্বে আবর্জনার স্তুপের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতের হাত লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 
 
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। কারণ নৈশপ্রহরী খুন হলেও কোন দোকান লুটের ঘটনা ঘটেনি।