চীন থেকে দ. কোরিয়ায় পালিয়েছে উ. কোরিয়ার ১৩ জন

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২০:৩৫
চীনে কর্মরত ১৩ জন উত্তর কোরীয় রেস্তোরাঁ শ্রমিক দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেছে বলে জানা গেছে। চীন জানিয়েছে, গত সপ্তাহে তারা দক্ষিণ কোরিয়া পাড়ি দেয় এবং বৈধ কাগজপত্র নিয়েই তারা দেশ ছেড়েছেন।
 
এ ধরনের বিতর্কিত ইস্যুতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক ব্যতিক্রমী বিবৃতিতে বলেছে, চীন ছাড়ার সময় তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল। তিনি বলেন, এক্ষেত্রে চীনের নীতি হচ্ছে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা লোকদের তারা অবৈধ অর্থনৈতিক অভিবাসী মনে করে এবং তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করে। বর্তমানে এসব পক্ষত্যাগী লোকজন দক্ষিণ কোরিয়ায় রয়েছে এবং অন্য পালিয়ে আসা লোকদের ন্যায় সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন।
 
দক্ষিণ কোরিয়া এই খবরের সত্যতা স্বীকার করে বলেছে, এই সংখ্যা নেহায়েতই কম নয়। তবে তারা কোথায় কাজ করছে অথবা কিভাবে তারা সিউলে আসলো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে উত্তরের বিষয়ে তাদের হতাশা বাড়ছে বলে উল্লেখ করা হয়। সূত্র: বিবিসি