মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় আহত তিন ইরানি নাগরিককে প্রতারক সন্দেহে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে মেহেরপুর-কুৃষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। বিদেশি নাগরিকরা হলেন, আমির হোসেন (৫০), ভয়িস (৩৫) ও নাদের আলী (৩৮)। তারা ইরানের নাগরিক বলে দাবি করেন। বর্তমানে তারা গাংনী থানা হেফাজতে রয়েছেন।
স্থানীয়রা জানান, ইরানী নাগরিক আমির হোসেন, ভয়িস ও নাদের আলী একটি মাইক্রোবাস যোগে(ঢাকা মেট্রো ট- ২১-৫৪৫৩) গাংনী থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে জোড়পুকুরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনকে সাইড দিতে গেলে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে তারা তিনজন সামান্য আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খোঁজখবর নিতে গেলে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেয়। গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে তাদের থানা হেফাজতে নেয়। তবে র্দূঘটনা কবলিত মাইক্রোটি ঘটনাস্থলেই পড়ে আছে বলে খবর পাওয়া গেছে।
গাংনী হাসপাতাল বাজারের মটরসাইকেল মেকানিক শাহ জামাল জানান, সড়ক দূর্ঘটনায় আহতরা দুপুরের দিকে তার দোকানে একটি এক হাজার টাকার নোট খুচরা করতে এসেছিল। তাদের আচরন দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন কে খবর দেই পরিস্থিতি বেগতিক দেখে একটি মাইক্রোযোগে তারা সটকে পড়ে।
স্থানীয়রা জানান, সম্প্রতি গাংনী হাসপাতাল বাজারের লাভলু চাউল হাউজে কয়েকজন বিদেশি প্রতারণা করে প্রায় ৩০ হাজার টাকা লুট করে। একইভাবে মেহেরপুর সদরের চুয়াডাঙ্গা সড়কের অয়ন ফিলিং ষ্টেশনে প্রতারণা করে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিল। এসব ঘটনার সাথে পুলিশ হেফাজতে থাকা ইরানী নাগরিকরা জড়িত রয়েছে বলে সন্দেহ করছে ভুক্তভোগীরা।
তবে ইরানি আমির হোসেন দাবি করেন, তারা বাংলাদেশ বেড়াতে এসেছেন। তারা প্রতারক নন।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, স্থানীয়রা আহত অবস্থায় ইরানের তিন নাগরিক কে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইরানী দুতাবাসের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
