শিবগঞ্জে অস্ত্র ও ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৩:২৫
 
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অস্ত্র, ম্যাগজিন, গুলি ও ফেনসিডিলসহ দুই অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার টাংগোন গ্রামের বিচ্চোঁদ সরদারের ছেলে মোস্তাফা কামাল (২৮) ও মতিহা উপজেলার চরকাজলার আবু তালেবের ছেলে মাসুদ রানা (৩২)। 
 
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোরে শিবগঞ্জ থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি ও ৭৩১ বোতল ফেনসিডিলসহ ওই দুইজনকে আটক করেছে। 
 
শিবগঞ্জ থানার এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক গোলাম রসুলের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় ট্রাকে (নবাব ট ০২-০০৩৬ ) লুকিয়ে রাখা অবস্থায় ৪টি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ৮টি ম্যাগজিন ও ৭৩১ বোতল ফেনসিডিলসহ মোস্তফা ও মাসুদকে আটক করা হয়। 
 
তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।