বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বোর্ডে চেয়ারম্যান পদে পদাধিকার বলে স্থানীয় সংসদ সদস্য থাকা সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রবিধানমালা ২০০৯ এর ৫ ধারাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করে।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসাচিব ও ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
একই সঙ্গে হাইকোর্ট প্রবিধান মালার ৫০- ধারার বৈধতা প্রশ্নে রুল জারি করেছে। এই ধারায় বলা হয়েছে, নির্বাচন ছাড়া সরকার গভর্নিং বোর্ড পরিচালনার জন্য সরকারি কর্মকর্তাদের মনোনীত করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রবিধানমালা ২০০৯ এর ৫ ও ৫০ ধারা বেআইনি ঘোষণা করার বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
