শিশু জিহাদ হত্যা : মামলা তুলে নিতে পরিবারকে হত্যার হুমকি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৪:১০
 
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউপির মির্জাপুর এলাকার ফুলকলি কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেনীর ছাত্র জিহাদ (৮) কে অপহরণ করে নির্মমভাবে হত্যায় দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য পরিবারের সদস্যদের  হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
 
এ ব্যাপারে নিহত শিশু জিহাদের মা শাহনাজ বেগম মঙ্গলাবার দুপুরে মুরাদনগর থানায় হুমকি দেয়ার অভিযোগে মির্জাপুর গ্রামের মৃত আঃ হামিদের ছেলে আবুল বাশারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। যাহার জিডি নং-৪৭৪।
 
জিহাদের মা শাহনাজ অভিযোগ করে বলেন, গত বছরের ২৮ আগস্ট মামলার বাদীর নাম পরিবর্তন করে, আমার নাম অন্তর্ভুক্ত করার জন্য আদালতে আবেদন করলে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একদল সন্ত্রাসী প্রকাশ্যে দা হাতে আমার বাড়ির সামনে এসে আমাকে মামলা তুলে নিতে বলে অন্যথায় আমাকে ও আমার পরিবারের  সদস্যদের হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে গত ২৮ আগস্ট মুরাদনগর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে লিখিত ভাবে অভিযোগ করলেও পুলিশের কাছ থেকে কোন প্রকার সহযোগিতা পাইনি।
 
তিনি আরো বলেন, হুমকির ব্যপারে থানায় লিখিত অভিযোগ করার পর হুমকি আরো বেড়ে গিয়ে গত ৪ এপ্রিল বিকেলে বাশারসহ অজ্ঞাত ২/৩ জন বাড়ির পাশে সড়কে মামলা প্রত্যাহরের জন্য হুমকি দেয়, না হলে আমার সন্তান জিহাদের মত আমাকে ও আমার দু-সন্তানকে হত্যা করার হুমকি ও ভয়ভীতি দেখায়। আমি কিভাবে এ বাড়িতে বসবাস করি দেখে নিবে বলেও হুমকি প্রদান করে আসছে। আমার স্বামী বিদেশে থাকে, আমি আমার সন্তানদের নিয়ে বাড়িতে একা বসবাস করি। এই মূহূর্তে আমার এবং আমার সন্তানদের প্রাণের কোন নিরাপত্তা নেই। আমাদের আশা মুরাদনগর থানা পুলিশ অন্তত এবার হলেও আমাদের নিরাপত্তার স্বার্থে যথাযথ ব্যবস্থা নিবে।
 
উল্লেখ্য গত বছর ৬ জুন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউপির মির্জাপুর এলাকার ফুলকলি কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেনীর ছাত্র জিহাদ (৮) কে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে মির্জাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে রবিউল ও তার সহযোগীরা। পরে ৮ জুন সকালে স্থানীয়রা আটক রবিউলের ঘরের পেছনের ডোবা থেকে জিহাদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
 
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন হুমকির বিষয়টির জিডি আমরা নিয়েছি। বিষয়টি সুষ্ঠতদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।