জয়পুরহাট চিনিকলের ভ্যাগাসে অগ্নিকাণ্ড হয়েছে। এই ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চিনিকল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিনিকলের পূর্বপাশে রাখা হয়েছে আখের ছোবরা, যা ভ্যাগাস নামে পরিচিত। বুধবার কাজ করার সময় হঠাত্ করে আগুন দেখতে পায় এক শ্রমিক। তাত্ক্ষণিকভাবেই স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও এই ঘটনায় বাঁশ ও টিনসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকা এবং আগুনের হাত থেকে সম্পদ রক্ষার পরিমাণ হচ্ছে প্রায় ২৫ লাখ টাকা বলে জানান জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ পরিদর্শক জাহানুর ইসলাম।
অগ্নিকাণ্ডের ঘটনায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, আগুনের কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
