চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুই সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভারতের কুলাপাড়া ও জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্র জানায়, ভারতের কুলাপাড়া সীমান্তের ৬১/১ এস নম্বর পিলারের সন্নিকটে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির পক্ষে গয়েশপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ইয়াকুব আলী নেতৃত্ব প্রদান করেন। অন্যদিকে ভারতের ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে বানপুর কোম্পানি কমান্ডার ইন্সেপেক্টর দীপক কুমার নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে রাজাপুর সীমান্তের ৭২ নম্বর পিলারের সন্নিকটে অনুষ্ঠিত পতাকা বৈঠকে রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার লুত্ফর রহমান বিজিবির পক্ষে ও ভারতের গেদে ক্যাম্প কমান্ডার এসআই ডি দাশ বিএসএফের পক্ষে নেতৃত্ব প্রদান করেন।
পতাকা বৈঠকে বাংলাদেশ-ভারত উভয় দেশে অবৈধ অনুপ্রবেশ রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, ভারত থেকে পাচার হয়ে আসা মাদকদ্রব্যের চোরাচালান বন্ধ ও তারকাঁটা রোধসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার বিষয় স্থান পায়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল আমির মজিদ পতাকা বৈঠক ফলপ্রসু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
