সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ০৯:৪৯
 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নানা ভয়-ভীতি  প্রদশর্নের অভিযোগ করেছেন জাতীয় পার্টির সমর্থিত প্রার্থীসহ বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীগণ। বুধবার উপজেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন তারা।
 
অভিযোগ সরেজমিন পরিদর্শনে জানা গেছে যে, উপজেলার ৫ নং চাঁদখানা ইউনিয়নের সরকার দলীয় প্রার্থী নাজিম উদ্দিন আলম (সবুজ) নির্বাচনী আইন-কানুন মানছেন না। নির্বাচনের প্রতিক বরাদ্ধের আগেই তিনি চারমাথা বাজার, চন্ডির বাজার ও চাঁদখানা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন জনসমাগম স্থানে নৌকা প্রতিকসহ বিল-বোর্ড, ব্যানার, ফেস্টুন লটকায় দিচ্ছে। 'ভোটারদের কাছে একটি মাত্র ভোট পেলেও আমিই চেয়ারম্যান নির্বাচিত হব' এমন মন্তব্য করাসহ নানা ভয়-ভীতি প্রদর্শন করছে।
 
জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মো. হাফিজার রহমান (হাপু), বিএনপির সমর্থিত প্রার্থী ছাইফুজ্জামান (রিয়ন), সতন্ত্র প্রার্থী ধনঞ্জয় শিবু, আ. গফুর, ভুবন মোহন্ত ও বর্তমান চেয়ারম্যান  আইয়ুব আলীসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী জানায় আমরা ৬ জন চেয়ারম্যান প্রার্থী যৌথ স্বাক্ষর দিয়ে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি লঙ্ঘনসহ নানা ভয়-ভীতি  প্রদর্শনের কারণে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাচন অফিঅসের কাছে দিয়েছে, দেখি নির্বাচন অফিস কি ব্যবস্থা নেয়।
 
এ বিষয়ে সরকার দলীয় প্রার্থী নাজিম উদ্দিন আলম সবুজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।
 
উপজেলা নির্বাচন অফিসার সোহেব সিদ্দিকির সাথে কথা বললে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।