খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৮:৩৫
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের পাঁচ দিনব্যাপী (সাংগ্রাই) উৎসব শুরু হয়েছে।
 
বুধবার সকালে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি বিগ্রেডিয়ার জেনারেল স.ম. মাহাবুব-উল আলমএসজিপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক ওয়াহিদুজ্জমান, পুলিশ সুপার মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার রইছ উদ্দীন (সদর সার্কেল), মারমা উন্নয়ন সংসদের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোয়াঅং মারমা।
 
মঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মারমা সংসদ হতে পানখাইয়া পাড়া সড়ক হয়ে শহরের শাপলা চত্বর হয়ে হাসপাতাল সড়ক ঘুরে পুনরায় মারমা উন্নয়ন সংসদে এসে শেষ হয়।
 
র‌্যালি শেষে মারমা উন্নয়ন সংসদ মাঠে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতির ওপর গান ও নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয় উৎসব। এর পরে শুরু হয় সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহি মারমা পানি খেলা উৎসব। পানি খেলায় সকাল থেকে মারমা উন্নয়ন সংসদ মাঠে শত শত মারমা তরুণ তরুণী নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে উঠে।