আট ফুটবলারের ক্লাব নির্ধারণ করবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৯:২০
 
জাতীয় দলভুক্ত আট ফুটবলার কোন ক্লাবে খেলবেন তা নির্ধারণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 'প্লেয়ার স্ট্যাটাস কমিটি'। রায়ের অনুলিপি হাতে পাওয়ার দুই সপ্তাহের মধ্যে ওই কমিটিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তি করে দিয়ে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ বুধবার এই রায় দেন।
 
মামলার বিবরণে জানা যায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ খেলার জন্য শেখ জামাল ক্লাবের আটজন খেলোয়াড়কে নেয় বাফুফে। এর পর ১৮ জানুয়ারি বাহরাইনের কাছে বাংলাদেশ দল হেরে গোল্ডকাপ থেকে বিদায় নেয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী এসব চুক্তিভিত্তিক খেলোয়াড় ক্লাবকে ফেরত দেওয়ার কথা ছিল বাফুফের। কিন্তু বাফুফে এসব খেলোয়াড়কে ফেরত না দিয়ে মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্না, সোহলে রানা ও রায়হান হাসানকে চট্টগ্রাম আবাহনীতে, শেখ রাসেল ক্রীড়া চক্রে জামাল ভুইয়া ও শেখ আলমগীর কবির রানা এবং গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে ঢাকা আবাহনীতে বণ্টন করে দেয়।
 
শেখ জামাল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার পরেও তিনটি ক্লাবে খেলোয়াড় বণ্টন নিয়ে বাফুফে যে সিদ্ধান্ত নিয়েছে, তা বেআইনি দাবি করে গত ২৭ মার্চ হাইকোর্টে রিট করে শেখ জামাল ক্লাব। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ দেয়। ওই আদেশে বলা হয়, আট খেলোয়াড় শেখ জামাল ছাড়া অন্য কোন ক্লাবে খেলতে পারবে না। গত কয়েকদিন এ রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাফুফের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও জামালের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অংশ নেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত রায় দেয়।
 
মেহেদী হাসান চৌধুরী বলেন, বিষয়টি 'প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে' বিবেচনাধীন থাকা অবস্থায় রিট করা হয়। হাইকোর্ট রিট আবেদন নিষ্পত্তি করে বলেছে আট খেলোয়াড় কোন দলে খেলবেন কমিটিই তা নির্ধারণ করবে। ওই আট খেলোয়াড়ের শেখ জামাল ছাড়া অন্য কোনো দলে খেলার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাও প্রত্যাহার করে নিয়েছে আদালত। তবে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত হওয়ার আগে তারা অন্য কোনো দলে খেলতে পারবেন না বলে জানান তিনি।