‘বিচারবহির্ভূত হত্যা বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা’

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৩:৩৬
 
গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন-২০১৫। বুধবার বিশ্বের মানবাধিকারের ওপর যুক্তরাষ্ট্রের ২০১৫ সালের প্রতিবেদনটি অবমুক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ওয়াশিংটনের পররাষ্ট্র দফতরে এটি অবমুক্ত করা হয়।
 
প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে চরমপন্থীরা একের পর এক মুক্তমনা ব্লগারদের হত্যা করছে। সংবাদপত্র এবং মতপ্রকাশের পর কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপও এ দেশের অন্যতম মানবাধিকার সমস্যা।
 
পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, প্রতিবেদনে প্রকাশিত বিষয়গুলো যুক্তরাষ্ট্রের বানানো নয়। যুক্তরাষ্ট্র মানবাধিকারের কোনো মানদণ্ডও নির্ধারণ করে দিতে চায় না। কারও ওপর আরোপও করতে চায় না। মানবাধিকারের বিষয়গুলো আন্তর্জাতিক এবং বিশ্বের বেশিরভাগ দেশ এসব মেনে চলতে অঙ্গীকারবদ্ধ।
 

৪০ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রতিবছর বিশ্বের দেশগুলোর মানবাধিকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। কংগ্রেসে প্রণীত আইনের ফলে মার্কিন সরকারের এই প্রতিবেদন প্রকাশ করা বাধ্যতামূলক। এর ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য, নিরাপত্তা সহযোগিতা নির্ধারিত হয়ে থাকে।