খুলনায় নানা আয়োজনে বর্ষবরণ

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৬:২০
‘এসো হে বৈশাখ, এসো এসো’ এবং তোরা সব জয়ধ্বনি কর’ সহ নানা গানের সুরে বৈশাখকে বরণ করছে খুলনাবাসী। নগরজুড়ে চলছে নানা আয়োজন। গান-বাজনা আর নৃত্যের তালে তালে তুলে ধরা হচ্ছে বাঙ্গালীর সাংস্কৃতিক ঐতিহ্যকে। পথে পথে বসেছে মেলা, সঙ্গে মঙ্গল শোভাযাত্রা। তীব্র দাপদাহ এবং রোদ উপেক্ষা করে সবাই উপভোগ করছেন বৈশাখী সব আয়োজন। তবে এসব আয়োজনে পান্তার সঙ্গে ইলিশ না থাকলেও ছিল বেগুন ভাজি, রুই মাছ, আলু ভর্তা, চিংড়ি ভর্তা, শুকনো ঝালসহ ষোলআনা বাঙ্গালী খাবার। সবমিলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই বরণ করা হচ্ছে বাংলা নববর্ষ।
 
এদিকে,  বৈশাখের নিরাপত্তা সুরক্ষিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নগরীতে টহলে রয়েছে পুলিশ- র‌্যাব এবং গোয়েন্দা সদস্যরা।
 
খুলনা জেলা প্রশাসন :  পহেলা বৈশাখ সকাল ৯টায় জেলা প্রশাসকের বাংলোর বকুলতলায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-রুই উৎসব। এর আগে সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, জেলা প্রশাসক নাজমুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন। সকাল ১০টায় খুলনা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
খুলনা বিশ্ববিদ্যালয় : খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে সকাল ৮টায় শোভাযাত্রা বের হয়ে নগরীর শিববাড়ী মোড় থেকে ময়লাপোতা হয়ে রয়েল চত্বরে গিয়ে শেষ হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বৈশাখী মেলায় লাঠিখেলা, ম্যাজিক শো, নাগরদোলা ইত্যাদির আয়োজন করা হয়েছে।
 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খেলার মাঠে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে রকমারী আয়োজন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে বর্ষবরণের গান। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। পালকী, ঢোল-তবলা, একতারা, দো-তারা, বিভিন্ন বাদ্যযন্ত্র, গরুর গাড়ি, দেশীয় সংস্কৃতির ছবি সম্বলিত বিভিন প্লাকার্ড, ফেস্টুন, মুখোশসহ আরো অনেক আয়োজনে অডিটরিয়াম প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ফুলবাড়ীগেটসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল সাড়ে ১০টায় বাউল সঙ্গীত, সাপ খেলা, বানর খেলা, ম্যাজিক শো ও বায়োস্কোপ প্রদর্শনী এবং বিকাল সাড়ে ৩টায় লাঠি খেলা, সাইকেল শো, মোরগ লড়াই, কাবাডি খেলা ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে বাঙালী ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।
 
এছাড়াও খুলনা সিটি কর্পোরেশন, উদীচী শিল্পী গোষ্ঠী এবং আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বাংলা বর্ষকে বরণ করা হচ্ছে ভিন্ন ভিন্ন আয়োজনে। বিশেষ করে নববর্ষ উপলক্ষে আব্বাস উদ্দীন একাডেমির আয়োজনে নগরীর শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ পার্কে বসেছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা।