ঘুরতে গিয়ে এসে লাশ হয়ে ফিরল ২ যুবক

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৭:০৫
পহেলা বৈশাখে মোটরসাইকেলে চার বন্ধু মিলে ঘুরতে এসে লাশ হয়ে ফিরলো দুই যুবক।
 
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশনের পাশে মুনশুরপুর নামকস্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সৌরভ (২৫) নামে এক যুবক ও পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিমন (২০) নামে আরো এক যুবকের মৃত্যু হয়।    
 
সৌরভ গাজীপুর সদর উপজেলার মাধববাড়ী এলাকার সোলেমান হোসেনের ছেলে ও নিমন একই উপজেলার উত্তর ছায়াবীথী এলাকার শাকিল মিয়ার ছেলে।  
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জানান, গাজীপুর সদর থেকে দু’টি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু মিলে কালীগঞ্জ উপজেলায় ঘুরতে যায়। বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনশুরপুর নামকস্থানে বন্ধু নিয়নসহ সৌরভের বেপরোয়া গতির মোটরসাইকেলটি উত্তরা ফিলিং স্টেশনের পাশের একটি কালভার্টের পিলারের সঙ্গে আঘাত লাগে। এতে ঘটনাস্থলে সৌরভ নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় নিমনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আশরাফুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢামেকে নিয়ে যাওয়ার পথে নিমনের মৃত্যু হয়। সৌরভ গাজীপুর আজিম উদ্দিন কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।