জয়পুরহাট সদর উপজেলার ভাদসা বাজারে হাসান (৩১) নামে এক যুবক স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যার জন্য গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ হাসান উপজেলার দেবরাইল গ্রামের জয়েন উদ্দীনের ছেলে।
জানা গেছে, হাসানের স্ত্রী সুখি বেগম তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে ফেলে। এরপরও হাসান সুখি বেগমের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে সংসার করার কথা বলে। কিন্তু সুখি রাজি না হওয়ায় গত রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিনের পাত্র উদ্ধার করেছে। পরে জয়পুরহাট আধুনিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে তাকে রেফার করা হয়। হাসানের শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে।
জয়পুরহাট থানার ওসি ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
