মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় ট্রেনে কেটে ও ছাদ থেকে পড়ে অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে ও শুক্রকার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ জানান, বৃহস্পতিবার রাতের কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ৩৫ বছর বয়সের এক ব্যক্তি মারা যান। দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে তার গলা, হাত-পা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্থানে পড়ে থাকে।
অন্যদিকে শুক্রবার সকাল সাতটা ২৫ মিনিটে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতরভাবে আহত হন ৩০ বছর বয়সের আরো এক অজ্ঞাত ব্যক্তি। তাকে উপজেলা অগ্নিনির্বাপক দল উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীমঙ্গলস্থ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
